চালু করা হয়েছে ‘স্টপ ডেঙ্গু’ মোবাইল অ্যাপ। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে দেশের যেকোনো স্থানে মশার প্রজনন স্থান স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যাবে।
আজ শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় স্কাউট ভবনে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এই অ্যাপ উদ্বোধন করা হয়।
এতে রয়েছে স্বাস্থ্য, স্থানীয় সরকার ও দুর্যোগ মন্ত্রণলায়।
অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে গঠন করা হবে দশজনের একটি টিম। এর মাধ্যমে চালানো হবে চিরুনী অভিযান।
তিনি বলেন, দিন-মাস প্রতিরোধ করলে হবে না, প্রতিদিনই প্রতিরোধ করতে হবে, প্রতিদিনই সচেতন থাকতে হবে।
এদিকে, দীর্ঘ মেয়াদী সুফল পেতে বছরব্যাপী কাজ করার উপর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, আমাদের লেক-খালগুলো বিভিন্নিভাবে পরিত্যক্ত হয়ে আছে, সেগুলো আবর্জনা ফেলার এলাকা হিসেবে পরিণত হয়েছে। সবাই মিলে সচেতন হয়ে এসব বিষয়গুলো সমাধান করতে না পারলে কোনো মশাই যাবে না।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, শুধু মহানগরগুলোতে টার্গেট নিলে হবে না, ৬৪ জেলা থেকেই ডেঙ্গু রোগে আক্রান্তের খবর পাচ্ছি, এবং মৃত্যুর খবর পাচ্ছি, তাই সারা দেশটাকেই টার্গেট করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
এএস





