শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলার নরসিংদী-ঢাকা সড়কের খাটেহারা নামক স্থানে একটি ইজিবাইকের সাথে বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হল নরসিংদী শহরের বৌয়াকুর এলাকার সুনীল দাস (৫০), রায়পুরা উপজেলার থানাহাটি গ্রামের গিয়াস উদ্দিন (৩৭) ও অজ্ঞাত পুরুষ (৩৫)।

জানা গেছে, দুপুর ১২ টায় ইজিবাইকটি ৭/৮ জন যাত্রী নিয়ে নরসিংদীর পুরাতন বাস-স্ট্যান্ডে দিকে আসার পথে বিপরীত দিক থেকে একটি বালু ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন এবং অপরজন নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুবরণ করে।

খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু ভর্তি ট্রাকটি আটক করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এম আর