আজ ২২শে শ্রাবণ। বাংলা সাহিত্য-সংস্কৃতির প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ৮০ বছর বয়সে এ মহীরুহ ব্যক্তিত্বের প্রয়াণ ঘটে।
আজ বুধবার বাংলা একাডেমি, ছায়ানটসহ বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করবে। এসব অনুষ্ঠানে গাওয়া হবে তারই লেখা গান, আবৃত্তি করবে তারই কবিতা, মঞ্চায়িত হবে রবীন্দ্র নাটক।
১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বসভায় মর্যাদার আসনে আসীন করেন। তার জীবনের শেষ চারটি বছর কেটেছে শারীরিক অসুস্থতার মধ্যে। ১৯৩৭ সালে একবার অচেতন হয়ে গিয়েছিলেন। তখন সেরে উঠলেও ১৯৪০ সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি। এ সময় তিনি মৃত্যুচেতনাকে কেন্দ্র করে সৃজন করেন বেশ কিছু অবিস্মরণীয় পঙ্ক্তিমালা। যদিও প্রথম জীবনে তিনি ভানুসিংহের পদাবলিতে লিখেছিলেন, 'মরণ রে,/ তুঁহু মম শ্যামসমান ... মৃত্যু অমৃত করে দান।'
জীবনের শেষ দিকে এসে তিনি লেখেন বিখ্যাত সেই পঙ্ক্তি 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে/মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।'
প্রয়াণের ৭৩ বছর পরেও রবীন্দ্রনাথ অনির্বাণ শিখার মতোই জ্বলছেন বাংলা সাহিত্যের অঙ্গনে। বাঙালি প্রতিদিনই তাকে স্মরণ করে গভীর শ্রদ্ধা নিয়ে। আজও পথ খুঁজতে হয় তারই স্ফুলিঙ্গ ধরে। বাঙালির সব উৎসবেই আছেন রবীন্দ্রনাথ। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা ছিল তার রচনা। আমাদের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' তার রচিত।
বাইশে শ্রাবণ উপলক্ষে আজ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ টেলিভিশন ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
দিনটি উপলক্ষে আজ বুধবার বিকাল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। ছায়ানটের শ্রদ্ধাঞ্জলি আগামী ৮ আগস্ট শুক্রবার ধানমণ্ডির নিজস্ব মিলনায়তনে সন্ধ্যা ৭টায়।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





