সিলেট নগরীর মেডিকেল রোডের মধুশহীদ এলাকায় পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মেডিকেল রোডের মধুশহীদ এলাকায় মিছিল বের করেন শিবিরের নেতাকর্মীরা। 

শিবির নেতাকর্মীদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। এ সময় তাদের প্রতিহত করতে পুলিশও ২০ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করেন শিবিরের নেতাকর্মীরা।

এ ব্যাপারে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল বলেন, ‘মধুশহীদ এলাকায় শিবিরের নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে নাশকতা করার চেষ্টা করেছিল। তাদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।’

ঘটনাস্থল থেকে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মধুশহীদ এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

এসএইচ