আর মাত্র চারদিন পরই শুরু হচ্ছে নতুন অর্থবছর ২০১৫-১৬। এ অর্থ বছরের বাজেট দিতে আগামী পহেলা জুন শুরু হবে সংসদে বাজেট অধিবেশন। নতুন অর্থবছরে জাতীয় সংসদের জন্য ২০৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় সংসদে ‘সংসদ সচিবালয় কমিশনের’ ২৬তম বৈঠকে নতুন অর্থবছরের অনুমোদন দেওয়া হয়। কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রতি অর্থবছরেই বাজেটের আগে কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যোগ দেন কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আরও ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজের বিশেষ আমন্ত্রণে তারা বৈঠকে যোগ দেন।
এতে ২০১৫-২০১৬ অর্থ বছরে বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ২০৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অনুন্নয়ন খাতে ১৯৭ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা আর উন্নয়ন খাতে ৬ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।
এছাড়া ২০১৬-১৭, ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকে ২০১৪-২০১৫ অর্থ বছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেওয়া হয়েছে।
পাশাপাশি বিগত ২৫তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, অর্থ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এএইচ





