কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে চরকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।
দণ্ডিতরা হলেন, হাইমচর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বিল্লাল হোসেন সোহাগ (২৯), কর্মী সোহেল (২৫) ও শাহীনকে (২৩) ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার বিকেল সাড়ে ৪টায় ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুসতাইন বিল্লাহর ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
সোহাগ, সোহেল ও শাহীনের বাড়ী হাইমচর উপজেলার আলগী গ্রামে।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. মোতালেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চরকুমিরা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বেলায়েত হোসেন জানান, দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রে বহিরাগত অনেক যুবক কেন্দ্র দখলের চেষ্টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন আতঙ্কে ভোটাররা চলে যায়। ২ ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। এ সময় দণ্ডপ্রাপ্তদের এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
এমএম





