ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলে আলহাজ ইসহাক আলী সভাপতি ও দানীউল হক মোল্লা সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার রাত ৯টায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোস্তফা কামাল খান জানান, শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে টানা ভোট গ্রহণ শুরু হয়। ১৫টি ওয়ার্ড কমিটির ৩৩০ জন কাউন্সিলরের মধ্যে ২২৩ জন ভোট প্রদান করেন।
সভাপতি হিসেবে ইসহাক আলী ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদ উদ্দিন পেয়েছেন ১৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে দানীউল হক মোল্লা ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলাল উদ্দিন পেয়েছেন ১২৮ ভোট। অপর সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল মতিন পেয়েছেন সাত ভোট।
দীর্ঘ প্রায় নয় বছর পর শহর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হলেন। এ নির্বাচনকে ঘিরে সকাল থেকে শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে প্রায় নয় বছর পর সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





