ইসরাফিল আলম এম.পি বলেছেন, শ্রম আইনে শ্রমিক স্বার্থ বিরোধী কিছু ধারা রয়েছে। যেগুলো পরিবর্তন করা জরুরি। এই সরকার শ্রমিকবান্ধব সরকার। আগামীতে শ্রম আইন ও বিধিতে শ্রমিক স্বার্থ বিরোধী ধারাগুলো অপসারণ করে, শ্রমিকবান্ধন শ্রমআইন প্রণয়ণে সরকার ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
আজ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে সংগঠনের সভাপতি লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে শ্রমিকদের বাঁচার মত মজুরী ঘোষণা ও নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবিতে রেডিমেড গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের র্যালী ও সমাবেশে সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
কৃষক নেতা জায়েদ ইকবাল খান তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক ছাঁটাই, নির্যাতন, দমননীতি বন্ধ করে শ্রমিকদের জন্য যুগোপযোগী ক্ষতিপূরণ আইন প্রণয়ন করতে হবে।
সংগঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের জন্য পেনশন, সামাজিক সুরক্ষা ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
সমাবেশে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, গত তিন দশকে পোষাক শিল্পখাতে মালিক শ্রমিকের অর্থনৈতিক ব্যবধান দিন আর রাতের মতোই দিনে দিনে বেড়ে চলেছে। পোষাক মালিকরা একটা কারখানা থেকে গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের মালিকের পরিণত হয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিকে পরিণত হয়েছে। কিন্তু শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল, বাঁচার মতো মজুরী, শ্রম আইন বাস্তবায়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত না করেই এক তরফাভাবে অর্থনৈতিক ব্যবধান দাঁড়িয়েছে দিন আর রাতের মতো। এই অর্থনৈতিক ব্যবধান কমিয়ে এনে শ্রমিক বাঁচার মজুরী, নারী নেতৃত্ব ও শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হামিদা ইয়াসমিন, শ্রমিক নেত্রী মালা আক্তার, শিলু আক্তার, পারুল আক্তার, হিরণা বেগম, আলামিন সরকার, নাজমুল হোসাইন। এছাড়া সমাবেশে সংহতি বক্তব্য প্রদান করেন আবদুস সবুর।
মহান মে দিবস-২০১৬’র রেডিমেড গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের দাবি সমূহ :
১. বাঁচার মত মজুরী ঘোষণা ও নারী নেতৃত্ব নিশ্চিত কর।
২. শ্রম আইন ও বিধিতে শ্রমিক স্বার্থবিরোধী ধারা অপসারণ এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত কর।
৩. শ্রমিকদের জন্য পেনশন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত কর।
৪. ক্ষতিপূরণ আইন সংশোধন করে যুগোপযোগী করতে হবে।
৫. শ্রমিক ছাঁটাই, নির্যাতন-দমননীতি বন্ধ করতে হবে।
এসআইএস





