বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকান্ডের তদন্তে বেরিয়ে আসা সন্দেহভাজন আসামি আরিয়ান শ্রাবণকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে বিকেল ৪ টার দিকে আদালতের বিচারক আছাদুজ্জান আরিয়ান শ্রাবণের  জামিন মন্জুর করেন।

দুই দফা এই জামনি শুনানি অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টার দিকে আদালতের জামিন শুনানি শুরু হয়ে ১০ মিনিট চলার পর আদালত তা মুলতবি করেন।  মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার তথ্য নিয়ে আদালতে তলব করা হয়ে। পরে বিকেল ৩টার পরে এই আবার শুনানি শুরু হয়।

এর আগে ২৪ জুলাই বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আরিয়ানের জামিনের  আবেদন করা হলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইয়াসিন আরাফাত তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজ থেকে আনতে যান তাঁর স্বামী রিফাত শরীফ। এসময় কলেজের মূল ফটকের সামনে থেকে ধরে নিয়ে কোপানো হয় তাঁকে। স্থানীয় লোকজন রিফাতকে গুরুতরআহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন দুপুরে রিফাত শরীফের মৃত্যু হয়। এ ঘটনায় রিফাত শরীফের বাবা আবদুলহালিম বাদী হয়ে ২৭ জুন বরগুনা থানায় ১২ জনের নামে একটি হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড  গত ২ জুলাই পুলিশের সঙ্গে  কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

হাফিজুর/এমবি