চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে আটটায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।
মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী জামাতে ইমামতি করেন। নামাজ শেষে দেশ ও জনগণের শান্তি, উন্নয়ন, কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে মোনাজাত করা হয়।
ঈদের জামাতে শরিক হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
চট্টগ্রাম নগরের প্রধান জামাতে কয়েক হাজার মুসল্লি শরিক হন। পরে তাঁর ঈদের শুভেচ্ছাবিনিময় করেন।
জমিয়াতুল ফালাহ ময়দানে দুটি ঈদ জামাত হয়েছে। সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের বাকলিয়া স্টেডিয়াম, লালদীঘি শাহি জামে মসজিদ, আরেফিন নগর জামে মসজিদ সহ ৪১টি ওয়ার্ডে ১৫৫টি স্থান ও মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এমকে





