প্রত্যাহারের অভিযোগ ওঠা র‌্যাবের ১৮ সদস্য পুনরায় র‌্যাব- ৩ এ যোগদান করেছেন। তাদের সদর দফতরে যোগদান ও সংযুক্তি বাহিনীর একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছে র‌্যাব সদর দফতর।
সোমবার সকালে ওই ১৮ জনকে সরিয়ে দেয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অফিসিয়াল সংবাদ সাইট ডিএমপি নিউজে ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র‌্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব- ৩- এর সিপিসি- ৩ - এর কোম্পানি কমান্ডার মেজর আলী আহসানসহ ১৮ জনকে প্রত্যাহার করেছে সদর দপ্তর।
কিন্তু র‌্যাব সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তাঁদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এটা রুটিন রদবদল। একই সঙ্গে ডিএমপি নিউজে প্রকাশিত সংবাদকে মিথ্যাচার বলে উল্লেখ করে র‌্যাব।
এরপর আজ ওই কর্মকর্তাদের আবারও আগের পদে ফিরিয়ে আনা হলো। র‌্যাবের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য তাঁদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আগের পদে ফেরত পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]