বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহকদের কাছ থেকে শুনেছি, বিদ্যুৎ সংযোগ নিতে তারা নানা হয়রানির শিকার হন। মাসের পর মাস তাদের সংযোগ দেওয়া হয় না। বিদ্যুৎ সংযোগের এ হয়রানি দূর করা হবে। গ্রাহককে ৪০ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব ফেয়ার ২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদার পক্ষে উপস্থিত ছিলেন রাজউকের সদস্য হেলাল উদ্দিন। রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মেলার আহ্বায়ক আসাদুর রহমান, রিহ্যাব কর্যনির্বাহী কমিটির সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।
বিদ্যু‍তের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এটি প্রয়োজন ছিল। গ্যাস সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। যেসব এলাকায় গ্যাসের সংযোগের লাইন রয়েছে সেখানে সংযোগ দেওয়া হচ্ছে। এপ্রিলে দু’টি গ্যাসের কম্প্রেসার স্থাপন করা হবে।
তিনি বলেন, রিহ্যাবের সদস্যদের জন্য কোড অব কন্ডাক্ট আছে। এটি মেনে চললে রিহ্যাব সম্পর্কে যেসব অপপ্রচার রয়েছে তা বন্ধ হবে।
রাজউকের সমলোচনা করে তিনি বলেন, বিল্ডিং হওয়ার পরে নয় আগে নজর দেন। রাজউক বলছে কেরানীগঞ্জ এখন অনেক অনুমোদনহীন ভবন রয়েছে এবং অনুমোদনহীন ভবন নির্মাণ না করার জন্য প্রচার চালাচ্ছেন। ১ হাজার ৫শ’ ২৮ বর্গ কিলোমিটার এলাকা রাজউকের অধীনে রয়েছে। এ এলাকাকে ৮টি জোনে ভাগ করা হয়েছে। মানুষের বাস ভবনের নকশা যেন সহজে হয় সে জন্য এ আটটি জোন কাজ করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আব্দুর রশিদ।
মেলার প্রাঙ্গণ প্রতিদিন সাধারণ দর্শকদের জন্য বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় মোট ১৫৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় প্রবেশ ফি -পুরস্কার : মেলায় প্রবেশের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ এবং টাকা ৫০ টাকা। এরমধ্যে ৫০ টাকার টিকিট দিয়ে মেলা প্রাঙ্গণে একবার প্রবেশ করা যাবে। আর ১শ’ টাকার টিকিটে মেলায় প্রতিদিন প্রবেশ করা যাবে।  
র‌্যাফেল ড্রর মাধ্যমে টিকিটের উপর ৫টি পুরস্কার দেওয়া হবে। যার মধ্যে প্রথম পুরস্কার একটি ২২ ইঞ্চি এলইডি টিভি, ২য় পুরস্কার ১.৫ টন স্পিলিট এসি, ৩য় পুরস্কার একটি ১৪ সিএফটি ফ্রিজ, চতুর্থ পুরস্কার একটি ওয়াশিং মেশিন এবং পঞ্চম পুরস্কার একটি মাইক্রোওভেন।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]