চট্টগ্রামের এক বিএনপি নেতার বাড়ি থেকে চুরি হওয়া প্রায় ৭৫ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপসহ অন্যান্য মুলবান জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ।

তিন দিন অভিযানের পর বুধবার রাতে এই স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় নগরীর চকবাজার থানা পুলিশ। এই ঘটনায় বিএনপি নেতার বাড়ির কাজের মেয়ে, চাকরিচ্যুত ড্রাইভারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী জানান, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা আহমদ খলিল খানের নগরীর কাপাসগোলাস্থ বাসায় দীর্ঘদিন ধরে কর্মরত গাড়ি চালক হুমায়ন কবীর ও গৃহপরিচারিকা রুমা আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সম্প্রতি গাড়ি চালক হুমায়ুন কবীরকে চাকরিচ্যুত করে নতুন ড্রাইভার নিয়োগ দেন গৃহকর্তা আহমদ খলিল খান। এতে ক্ষুদ্ধ হয়ে কাজের মেয়ে রুমার সহায়তায় আহমদ খলিল খানের বাসায় চুরির পরিকল্পনা করে চাকুরিচ্যুত হুমায়ুন।

গত ২৫ আগস্ট রাতে বিএনপি নেতা আহমদ খলিল খান কাজের মেয়েকে বাসায় রেখে স্বপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে যান। এসময় ওই কাজের মেয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রাক্তন গাড়িচালকসহ তিনজনকে বাসায় ঢোকায়।

তারা বাসার আলমিরা ভেঙ্গে ৭৫ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল সেট, দুটি ল্যাপটপসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। তবে বাসাতেই থেকে যায় গৃহপরিচারিকা।
আহমদ খলিল খান বাসায় এসে চুরির ঘটনা দেখতে পেয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ সন্দেহজনক আচরণের কারণে প্রথমে গৃহপরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গৃহপরিচারিকা ঘটনার কথা স্বীকার করে।

এরপর গত তিনদিনের অভিযানে একে একে চুরির সঙ্গে জড়িত অন্যরা ধরা পড়ে। সর্বশেষ বুধবার রাতে সাবেক গাড়িচালকের বসতঘরে মাটি খুঁড়ে ৭৫ ভরি স্বর্ণালংকারসহ চুরি যাওয়া মালামালগুলো উদ্ধার করা হয়।

এই চুরির ঘটনায় কাজের মেয়ে রুমা আক্তার , ড্রাইভার হুমায়ন কবীর এবং চুরির মালামাল হেফাজতে রাখার দায়ে আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই