বিচারক অপসারণের ক্ষমতা আইনসভার হাতে আনাকে ‘অবৈধ’ বলে হাই কোর্টের দেয়া রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পর বিচারপতিদের বেতন-ভাতা বিল সংসদে উত্থাপনের সময় ওয়াকআউট করে প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের সদস্যরা।

হাই কোর্টের রায় নিয়ে বৃহস্পতিবার বিকালে সংসদে বাদানুবাদের পর আইনমন্ত্রী আনিসুল হক উচ্চ আদালতের বিচারপতিদের বেতন ও ভাতা বাড়ানোর বিলটি উত্থাপন করতে গেলে প্রথমে হৈ চৈ শুরু করেন জাতীয় পার্টির সদস্যরা।

হাই কোর্টের এই রায় ‘সংবিধান পরিপন্থি’ এবং তা আপিলে টিকবে না বলে আইনমন্ত্রী আশ্বস্ত করার পরও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

বিল উত্থাপনের সময় বিকাল ৫টা ৪০ মিনিটে জাতীয় পার্টির সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। বিল উত্থাপন শেষ হলে কয়েক মিনিট পর তারা আবার ফিরে আসেন।

এমআর