জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফা হরতালের শুরুতে আজ রোববার সকালে দিনাজপুরে বিক্ষোভ ঝটিকা মিছিল করেছে ছাত্র শিবির। এ সময় শিবিরের দু’কর্মীকে আটক করেছে পুলিশ।
সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী লেবুর মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি শহীদ মিনার মোড় অতিক্রম করে।
পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শিবিরের দু’কর্মীকে আটক করে পুলিশ।
তবে এ ঝটিকা মিছিল ছাড়া আর কোন তৎপরতা চোখে পড়েনি জামায়াত-শিবিরের।
হরতালে চোরাগুপ্তা হামলার ভয়ে বেশ কিছু দোকান-পাট বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম। রিক্সা-ভ্যান,অটোরিক্সা,টেম্পু,নসিমন চলাচল করলেও দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক। হিলি স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





