সারাদেশে পৌরসভা নির্বাচন থাকায় বুধবার কালো ব্যাজ ধারণ ও এক ঘণ্টার কর্মবিরতি স্থগিত করেছে বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ (বাসসকপ)।

আজ ২৯ ডিসেম্বর সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের যুগ্ম মহাসচিব এস এম ছায়িদ উল্যাহ।

তিনি জানান, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে প্রায় সাড়ে ৩ লাখ নন ক্যাডার কর্মকর্তা কালো ব্যাজ ধারণ ও এক ঘণ্টা কর্মবিরতি পালন করে।

এর আগে ৮ম পে-স্কেলে ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তাদের গ্রেড বৈষম্য দূর সহ ৯ দফা দাবিতে ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল,২৪ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কালো ব্যাজ ধারণ, ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ১ ঘণ্টা করে (সকাল ১১-১২টা) কর্মবিরতি পালন ও ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান।

এরমধ্যে দাবি না মানা হলে ৯ জানুয়ারি ঢাকায় প্রায় সাড়ে তিন লাখ নন ক্যাডার কর্মকর্তাদের নিয়ে মহাসমাবেশ করে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

এবি