ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে ৭টি বাড়ি।

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে লাটিম হোসেন (৩০), নজরুল ইসলাম (৪৫), তোয়াসিফ (৪০), মতিয়ার জোয়ারদার (৫৫), আফতাব মোল্ল্যা (৫০), ইসরাইল জোয়ারদার (৪০) ও নাজমা বেগমকে (৪০) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবার বাড়িই ধনঞ্জয়পুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শিকদার ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেকের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে উভয় গ্রুপের সমর্থকরা ধনঞ্জয়পুর গ্রামে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ৭টি বাড়ি ভাঙচুর করা হয়।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ১০ জুন মঙ্গলবার রাতে একই ইউনিয়নের কুশোবাড়িয়া এলাকায় এই দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগকর্মী সিরাজুল ইসলাম ওরফে রিন্টু মুন্সিকে। এসময় আরো একজন গুলিবিদ্ধ হন। এরপর ইউনিয়নটির ৮/৯টি গ্রামে চালানো হয় ব্যাপক লুটপাট।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই