নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে ক্ষুদ্ধ জনতার হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ওই কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শিবু লাল বসু বলেন, ঘটনার পর উচ্চ পর্যায়ে গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে ডিজিএম মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (কেন্দ্রীয় অঞ্চল) শাহনেওয়াজ খানের নেতৃত্বে উপ-পরিচালক মো. মতিউর রহমান ও পল্লী বিদ্যুৎ বোর্ডের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন এ তদন্ত কাজ পরিচালনা করেন।

পল্লী বিদ্যুতের রামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বেলায়েত হোসেন রায়পুরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

উল্লেখ্য, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গত ৯ অক্টোবর রাতে রায়পুর পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায় ক্ষুদ্ধ জনতা। এ সময় কার্যালয়ের সামনে ও ভেতরে রাখা একটি পিকআপ ভ্যান ও ছয়টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। একই সময় লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের রায়পুর উপজেলার রাখালিয়া থেকে চরপাতা পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার অভিযোগে পরদিন রায়পুর থানায় পৃথক দুটি মামলা হয়। এতে ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২ হাজার ১’শ ব্যক্তিকে আসামি করা হয়।এ ঘটনায় রায়পুর থানা পুলিশ এসব মামলায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ২৮জনকে গ্রেফতার করেছে।

কেএইচ