সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহত তিনজন হলেন- মাহফুজা খাতুন ও তার দুই সন্তান, মাহফুজ (৯) ও মোহনা (৫)।

নিহত মাহফুজার স্বামী আব্দার আলী জানান, তিনদিন আগে খেলা করার সময় স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) তার মেয়েকে যৌন নির্যাতন করে। মোহনা বাড়ি এসে বিষয়টি তার মাকে জানায়। পরে মাহফুজা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাফিজুলের কাছে বিচার চান। তখন সাফিজুল সামনে নির্বাচন উল্লেখ করে কয়েকদিন পরে বিচারের আশ্বাস দেন।

বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি মামলা করার পরামর্শ দেন। পরে মাহফুজা তার কাছে (আব্দার আলী) মামলা করার কথা বললে তিনি বলেন, আমরা গরিব মানুষ, মামলার খরচ চালাবো কিভাবে। বৃহস্পতিবার সকালে তিনি (আব্দার আলী) কাজে গেলে মাহফুজা দুই সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে।

এমবি