রাজধানীর গাবতলীতে ট্রাক উল্টে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এর মধ্যে একজন ঘটনাস্থলে ও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সোবহান বেপারি (৫৫) ও তার ভাতিজা তাইজুদ্দিন (৩০)। হতাহত সকলের বাড়ি ফরিদপুরের গোলাপবাগ।
সোবহান বেপারির অপর ভাতিজা দেলোয়ার খান জানান, তারা ছয়জন মিলে গতকাল শনিবার ট্রাকে করে ফরিদপুর থেকে পিঁয়াজ নিয়ে ঢাকার কাওরানবাজারে আসছিলেন। রাত সোয়া ১২টার দিকে ট্রাকটি গাবতলী পৌঁছার পর উল্টে গেলে ছয়জন নিচে পড়ে যান। তারা সকলেই তখন ট্রাকের উপরে বসা ছিলেন। এ ঘটনায় সোবহান বেপারি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার ভাতিজা তাইজুদ্দিন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তাইজুদ্দিন মারা যান।
তাইজুদ্দিনের পিতার নাম ইউসুফ মিয়া। আহত অন্যরা হলেন ইয়াকুব (২৮), রাজিব (২০), ইউসুফ (৩৫)। অন্যজন শারীরিক প্রতিবন্ধী।
ই্আর





