সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ১৯ জনকে সাতকানিয়া এবং ১৬ জনকে লোহাগাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহষ্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) এমরান ভূঁইয়া জানান, সাতকানিয়া উপজেলার ছদাহা, কেউচিয়া ও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে পৌরসভার বোয়ালিয়া পাড়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেকের বাড়িতে জামায়াতের বৈঠকে হানা দেয় পুলিশ। বৈঠকে ১০/১২ জন জামায়াত কর্মী উপস্থিত থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পরে, পুলিশ ধাওয়া দিয়ে কুতুব উদ্দিন (১৯) নামে একজনকে আটক করে।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, রাতে উপজেলার কলাউজান, পদুয়া, চরম্বাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সকলেই বিভিন্ন নাশকতা মামলার পলাতক আসামী।
গ্রেপ্তরকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





