সারাদেশে গত ২৪ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন। এছাড়াও আহত হয়েছেন আরো ৬৩ জন । ঈদকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বিভিন্ন মহল থেকে বলা হয়েছে। তবুও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে যাচ্ছে বহু প্রাণ। একেকটি প্রাণের জন্য রয়েছে কতটি পরিবারের আহাজারি এর উত্তর জানা নেই!

আজ বৃহস্পতিবার ও (২৩ জুলাই ) এর ব্যতিক্রম কিছু ঘটেনি। এদিনেও দেশের বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় ঝরে গেল কতগুলো তাজা প্রাণ এবং পঙ্গুত্তের পথে অনেক আহত লোক।

দেশের বিভিন্ন জায়গায় হতাহতের চিত্র তুলে ধরা হল-

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৯, আহত ৩০:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাটখাগুড়ড়ি এলাকায় মধুপুর থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি  বাস খাদে পড়ে মহিলাসহ ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে বলে আশংকা করা হচ্ছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ন কবির ও বাসাইল থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান, বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ী থেকে ঢাকা যাচিছল। বাসটি মহাসড়কের পাটখাগড়ী পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে যায়।

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৮:

গাজীপুরে ট্রেনের ধাক্কায় তিন শিশুসহ অটোরিকশার ৮ যাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-জয়দেবপুর রেলরুটের জয়দেবপুর-টঙ্গী স্টেশনের হায়দরাবাদে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর স্টেশন মাস্টার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রাক্ষণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩:

ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলের ইসলামাবাদ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ৩ জন।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ের পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় বাস দুর্ঘটনায় আহত ৩০:

কুষ্টিয়ার খোকসায় সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের চালকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা উপজেলার শিমুলিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দু'জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

খোকসা থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী দাঊদ জানান, বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটে বাস খাদে পড়ে নিহত ৫:

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় ১ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোরসালিন আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও, মৌলভীবাজার কুলাউড়া সড়কের রাজনগর থানার কাছে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকার চাপায় ১ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহতের নাম বেলাল মিয়া (৪৫)। তিনি রাজনগর উপজেলার আমিরপুর গ্রামের আব্বাস মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে বেলাল মিয়া  মৌলভীবাজার কুলাউড়া সড়কের রাজনগর থানার কাছে একটি ওয়ার্কসপের সামনে রাস্তা পারাপারের সময় ফেঞ্চুগঞ্জমুখি একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। 

মাগুরায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত:

মাগুরায় বাসের ধাক্কায় ওবাইদুর ২৮ ও শামীম ২৭ নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ৪ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

মাগুরা-ফরিদপুর মহাসড়কের কছুন্দী এলাকায় মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস ফরিদপুর গামী মোটর সাইকেলকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। আহত অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসার পথেই তারা মারা যায়। ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়ে।

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত:

রাজধানীর কল্যাণপুর এলাকায় বাসের ধাক্কায় এম এ হায়াত (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে