ময়মনসিংহ থেকে ছেড়েছে দূরপাল্লার বাস। ২০ দলীয় জোটের ডাকা হরতালের মধ্যেই সোমবার বিকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে বাস চলাচল শুরু হয়।

গন্তব্যে পৌঁছতে যাত্রীরা বৃষ্টি উপেক্ষা করে ছুটতে থাকেন শহরের বিভিন্ন বাস টার্মিনালে।

জানা যায়, হরতালের কারণে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল।

শহরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের এনা পরিবহনের টিকিট কাউন্টারের তত্ত্বাবধায়ক ফারুক হোসেন জানান, সোমবার বিকাল থেকে এ পর্যন্ত এনা পরিবহনের ৮টি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এছাড়া এ টার্মিনাল থেকে আলম এশিয়া, শ্যামলী বাংলা, ইমাম পরিবহনেরও আরো বেশ কয়েকটি বাস একই সময়ে ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ ছাড়ে।

তিনি জানান, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এ কারণে ওই সময় খুব একটা যাত্রী ছিল না। কিন্তু বিকেলের পর থেকেই যাত্রীদের চাপ কিছুটা বাড়তে থাকে।

মোটামুটি একই রকম চিত্র লক্ষ্য করা যায় শহরের পাটগুদাম ব্রিজ মোড় ও টাঙ্গাইল বাসস্ট্যান্ডেও। বিকালের পর থেকেই মূলত এসব স্ট্যান্ডে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়ে যায়।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ