মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানা পুলিশের নির্যাতনে পার্শ্ববর্তী বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা বাজারের নিহত ব্যবসায়ী শাহীন মোল্লার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

 সোমবার বিকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে নিহতের পরিবার।


ব্যবসায়ী শাহিন মোল্লার লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান জানান, শাহিনের দুই পায়ের হাঁটুর নিচে আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।

 এ ব্যাপারে মাদারীপুর জেলা পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, "শাহীন মোল্লা কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে  হাসপাতালে মারা গেছেন। এর দায়দায়িত্ব পুলিশের নয়।"
গত ৮ জুন রাত সাড়ে ৮টার দিকে শাহীন তার দোকানের পাশে খালের ওপর নির্মিত একটি ব্রিজের ওপর বসে দুই বন্ধুকে নিয়ে গল্প করছিলেন। এসময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে এসআই নাজমুল হাসান আটককৃতদের ছেড়ে দেয়ার জন্য তাদের পরিবারের প্রত্যেকের কাছে দুই লাখ টাকা উৎকোচ দাবি করে। ওই দিন রাতেই উৎকোচ দিয়ে মুকিত ও শাহ আলমের পরিবার তাদের ছাড়িয়ে নেয়।

শাহিনের পরিবার টাকা দিতে না পারায় তাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠায় পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর আসে শাহীনের।

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই