চাঁদপুর সদর উপজেলার মধুরোড রেলস্টেশন এলাকায় মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ইমন পাটওয়ারী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের দেবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। ইমন সদর উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন পাটওয়ারীর ছেলে।
ইমনের বাবা দেলোয়ার পাটওয়ারী বাংলানিউজকে জানান, ইমন মানসিক ভারসাম্যহীন। ভোরে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এসময় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে।
সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন তার মরদেহ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর ২টার দিকে চাঁদপুর রেলওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গণি পাঠান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর দেলোয়ার হোসেন পাটওয়ারী মরদেহ ইমনের বলে শনাক্ত করেন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
ওএফ





