ভোলার মনপুরায় ট্রলার ডুবির ঘটনার এক দিন পর শুক্রবার বিকালে কাটা খাল এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম জান্নাত (৯)। এ নিয়ে দু'দিনে সরকারি হিসাবে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়দের মতে ৯ জন। উদ্ধার অভিযান শনিবারও চলবে।
মনপুরা থানার ওসি হানিফ সিকদার জানান, যে এলাকায় ট্রলারটি ডুবে ছিলো সেই স্থানে শুক্রবার বিকালে এক শিশুর লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে। পরে নিখোঁজদের স্বজনরা লাশ শনাক্ত করে।
এদিকে স্থানীয় সূত্র জানান, মনপুরার দক্ষিণ সাকুচিয়া গ্রামের মো. ফিরোজের কন্যা জান্নাত। সে বৃহস্পতিবার কলাতলির চর থেকে ট্রলার যোগে রামনেওয়াজ কাটার খাল ফিরছিল। পথে ট্রলার ডুবিতে সে নিখোঁজ হয়।
এদিকে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন খান জানিয়েছেন, সন্ধ্যা হয়ে যাওয়ায় রাতে উদ্ধার অভিযান সম্ভব নয়। তবে শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান চলবে।
জেডআই





