বগুড়া সদর উপজেলাধীন কাওলা দোগারিয়া এলাকায় ছুরিকাঘাতে আজিজার রহমান (৫২) নামে এক কলেজ শিক্ষককে খুন করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা সদরের কাওলা দোগারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক হাজরাদিঘী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যপক। তিনি জেলার কাহালু উপজেলার দুর্গাপুর কৈয়াগাড়ীর মৃত নজাবর রহমানের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষক আজিজার নিজ বাড়ি থেকে মোটর সাইকেল করে কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কাওলা দোগারিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মাইক্রোবাস তার পথরোধ করে।
এসময় ওই মাইক্রোবাস থেকে বের হয়ে দুর্বৃত্তরা আজিজারকে উপুর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এএইচ





