ভারতের রোহিঙ্গাবিরোধী কঠোর নীতির কারণে সেখান থেকেও বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। গত কয়েক সপ্তাহে অর্ধশতাধিক রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে।
ইকোনোমিক টাইমস জানায়, দীর্ঘদিন ধরে ভারতে বসবাসরত রোহিঙ্গারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির কঠোর নীতিই তাদের বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করছে।
এদের অনেকেই ভারতের বিভিন্ন স্থানে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। এছাড়া নির্মাণ শ্রমিক ও ছোট ব্যবসার সঙ্গেও রোহিঙ্গাদের অনেকে জড়িত ছিলেন।
বিএসএফএর মতে, ভারতের উত্তর প্রদেশের শরানপুর, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ এবং পাঞ্জাবের আমবালা থেকে অন্তত ৩টি দল ২৪ পরগনাসংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
মিয়ানমার সেনাবাহিনী গত ২৫ আগস্ট রাখাইন প্রদেশে রোহিঙ্গা নিধন অভিযান শুরুর পর হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে ছয় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। প্রবেশের এই ঢল এখনও অব্যাহত রয়েছে।
কিন্তু এমন পরিস্থিতিতেও ভারত তাদের দেশে থাকা রোহিঙ্গাদের বের করে দেয়ার সিদ্ধান্ত নেয়। বিএসএফ বলেছে, পালানোর চেষ্টায় থাকা বেশ কিছু রোহিঙ্গাকে তারা স্থানীয় পুলিশের হাতে সোপর্দ করেছে।
বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, যাদের অধীনে রোহিঙ্গারা কাজ করতেন তারাই চলে যেতে বলেছে। জাতিসংঘের হিসেবে ভারতে বর্তমানে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা আশ্রয়ে রয়েছে।
রোহিঙ্গাদের নিয়ে কাজ করা সংস্থাগুলোও জানায়, রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া শুরু হয়েছে। তবে সেটা খুব কমসংখ্যক।
এমএ





