সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।’

সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। চট্টগ্রামের পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

ওবায়দুল কাদের বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন করতে সরকার কতটা আন্তরিক, তার প্রমাণ আগেই দিয়েছে সরকার। এই সরকারের অধীনে ৯টি সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। সেখানে সাতটিতেই বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। আমরা তা মেনে নিয়েছি। ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ নিলেও জনগণের ইচ্ছার ফল পেত।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি, সংসদ সদস্য এম এ লতিফ, শামসুল হক, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, জেলা পুলিশের এসপি এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।

পরিবহণ মালিক শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ে ওবায়দুল কাদের চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটোরিকশা গলাকাটা ভাড়া আদায় প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয়ে তিনি পরিবহণ নেতাদের যৌক্তিক ভাড়া আদায়ের নির্দেশ দেন। পরে আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসককে কমিটি গঠন করে সিএনজি অটোরিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণের নির্দেশ প্রদান করেন।

জেআই