মাগুরার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নে নির্বাচন আবার স্থগিত করা হয়েছে। বুধবার রাতে এ সংক্রান্ত চিঠি পান জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উচ্চ-আদালতের আদেশ মতে নির্বাচনের তফসিল স্থগিত করার কথা উল্লেখ করা হয়।
চতুর্থ দফায় ঘোষিত তফসিলে ৭ মে এ ইউনিয়নে ভোটগ্রহণের দিন ছিল। তবে উপজেলার অন্য ইউনিয়নে এদিনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়ন ও পাশের ফরিপুরের বোয়ালমারি উপজেলার ময়না ইউনিয়নের সীমানার মধ্যে জাঙ্গালিয়া, মুরাইল পশ্চিম খ-, ধুপুড়িয়া, চরবর্ণি ও রুইজানির পাঁচটি মৌজার সীমানা নির্ধারণ নিয়ে পাঁচ দশক ধরে মামলা চলছে।
২০০৩ সালে নিম্ন আদালত জাঙ্গালিয়া ও রুইজানি বাদে বাকি তিনটি মৌজা বোয়ালমারি উপজেলার অন্তর্গত বলে রায় দেন। পরে জাঙ্গালিয়া গ্রামের শহিদুল ইসলাম মোল্লা পাঁচটি মৌজা মহম্মদপুরের অন্তর্গত বলে ওই বছর হাইকোর্টে রিট করেন।
এর জের ধরে সীমানা নির্ধারণ জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের ওহিদুজ্জামান গত ১১ এপ্রিল নির্বাচন স্থগিতের আবেদন করলে হাইকোর্ট ময়না ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন।
এর আগে তৃৃতীয় দফায় তফসিলে ২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন ছিল। একই কারণে মহম্মদপুর সদর ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়।
নির্বাচনের সমন্বয়কারী ও মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন হোসেন বলেন, উচ্চ আদালতের আদেশ মতে মহম্মদপুর উপজেলা সদর ইউপি নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে।
এম আর





