চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরার রহমতপুর এলাকায় অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে কুমিরার পাহাড়ের পাদদেশে আড্ডি কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ওমর ফারুক বলেন, আমরা খবর পেয়ে রহমতপুরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে বেশ কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আ ম ম আলমগীর বলেন, বিদ্যুতের শটসার্কিট থেকে লাগা আগুনে জসীম সওদাগর, আব্দুস সালাম, নুরুল হুদা, শাহ আলম, আবুল কালাম, ইদ্রিস সওদাগরসহ ১৭টি পরিবারের ঘর পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে বাকি ঘরগুলো রক্ষা পায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে সকালেই চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা দেন।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





