বিদেশে কোথাও বিটুমিনের রাস্তা নেই। সব দেশেই কংক্রিটের রাস্তা। আমরা কংক্রিটের রাস্তা তৈরি করতে পারলে খরচ অনেক কমে আসবে।
সড়ক দুর্ঘটনাও কমবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিদেশিরা যদি কংক্রিটের রাস্তা করতে পারে তবে আমরা কেন পারব না? আসুন আমরা কংক্রিটের সড়ক তৈরি করি।
মন্ত্রী বলেন, বৃষ্টির পানিতে বিটুমিনের সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত দেশের আর্থিক অপচয়ও হচ্ছে।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অস্বাভাবিক মৃত্যু চাই না। কংক্রিটের সড়ক হলে দেশে দুর্ঘটনা কম ঘটবে।
কারণ বিটুমিনের সড়কে দ্রুত সময়ে পরিবহনের টায়ার নষ্ট হয়ে যায়। যানবাহন ব্রেক ফেল করে। এর ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।
তিনি বলেন, আমাদের কংক্রিটের সড়কে যেতেই হবে, কারণ প্রধানমন্ত্রী আমাদের সে নির্দেশ দিয়েছেন। তাই আসুন এখন থেকেই কংক্রিটের সড়ক তৈরির উদ্যোগ নিই।
এসময় আরও উপস্থিত ছিলেন- পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান, এসএম গোলাম ফারুক, হুমায়ুন খালিদ, আইএসইডি সচিব শহিদ-উল্লাহ খান, বিবিএস সচিব কানিজ ফাতেমা প্রমূখ।
এসএইচ





