গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৪ জন লোক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শোক প্রদান করেছেন।
শোকবাণীতে জামায়াতের সেক্রেটারি বলেন, “গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরে ১১ জানুয়ারি ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৪ জন লোক নিহত হয়েছেন এবং এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০টি ঘর আগুনে পুড়ে গিয়েছে। পুড়ে যাওয়া ঘরগুলোতে পোশাক শ্রমিকগণ স্বপরিবারে বসবাস করতেন। অগ্নিকাণ্ডে অনেকে বেঁচে থাকার শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেছেন।”
“অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য মহান রবের নিকট দোয়া করছি। সেই সাথে তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করে তাদেরকে পুনর্বাসিত করার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি
এমবি





