দশম বিশ্ব ইসলামী অর্থনীতি ফোরামে যোগ দিতে সোমবার দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইসলামী অর্থনীতি ফোরাম এবং দুবাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে, এবারের সম্মেলনটি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম পৃষ্ঠপোষকতা করছেন। দুবাইয়ের মদিনাত জুমেরাই সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনদিনের এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, ব্যবসায়ী, ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, অর্থনীতি বিশেষজ্ঞসহ প্রায় ২৫০০ জন অংশ নেবেন।

এদিকে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালু করতে এবং আরববিশ্বের ধনী দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন।

প্রধানমন্ত্রীর এই সফরে অপরাধ দমনে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে বন্দিবিনিময় সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এআর