রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যায় ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৯ দিনের মাথায় রোববার দুপুরে বুলেটটি উদ্ধার করা হয়।
রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সঙ্গে কথা বলেন জাপানি প্রতিনিধি দলের দুই সদস্য।
ঘণ্টাব্যাপী চলা বৈঠকে প্রতিনিধি দলটি হোসি কুনিও হত্যাকাণ্ড সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের সহযোগিতা চাইলে তিনি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে রোববার দুপুর ২টার দিকে ঘটনাস্থল তল্লাশি করে একটি বুলেট উদ্ধার করেছে পুলিশের সমন্বিত তদন্ত দল। এই বুলেটটি হোসি কুনিওর শরীর ভেদ করে বেরিয়ে গেছে বলে পুলিশ দাবি করেছে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন ও পিবিআইর সহকারী পুলিশ সুপার আব্দুল সালাম।
গত ৩ অক্টোবর হোসি কুনিও দুর্বৃত্তদের গুলিতে খুন হন। পরের দিন থেকে জাপানি প্রতিনিধি দল রংপুরে অবস্থান করছে।
এমকে





