সকল ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চলমান আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মত বসুরহাট পৌর এলাকাসহ কোম্পানীগঞ্জে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সকালেও বসুরহাট বাজারের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
ফের কোনো প্রকার অপ্রীতিকর ও বিশৃঙ্খলা এড়াতে নোয়াখালীর পুলিশ সুপার ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ১ জন এসপি, সার্বক্ষণিক ২ জন এএসপি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
এছাড়াও প্রায় ৩০ জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ৩ শতাধিক পুলিশ ও ডিবি পুলিশ এবং র্যাবের ২টি টিম মোতায়েন রয়েছে।
এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, কোম্পানীগঞ্জে আর কোনো ভাবে বিশৃঙ্খলা আমরা হতে দিবো না। সকল ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে মাঠে রয়েছে।
সোহেল/এমবি





