চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম মো: সাইফুল ইসলাম (৩০)। সাইফুল বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা হারিমুনপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি দুই সন্তানের বাবা।

গতকাল (১৩ জানুয়ারি) বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো: বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুর ২টায় ইউনিয়নের কুমিরাঘোনা কালিনগর এলাকায় দুর্বৃত্তরা সাইফুলকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমবি