বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নাটোরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে হরতালের বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক।

তারেক রহমান লন্ডনে বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় গত বছরের ১৮ ডিসেম্বর নাটোরের আমলী আদালতে মামলাটি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আহম্মদ আলী।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। ২২ ফেব্রুয়ারি তারেক রহমান আদালতে হাজির না হওয়ায় নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মুন্নি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতালের সমর্থনে মঙ্গলবার দুপুরে মিছিল করেছে নেতাকর্মীরা। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

জেআই