শাহবাগ মোড়ের পাশে ফুটপাতে গড়ে তোলা অর্ধশত ফুলের দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শাহবাগ থানা পুলিশের সহায়তায় শনিবার সকাল ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি।
এদিকে মাত্র ১০ মিনিটের নোটিশে ওই দোকানগুলো উচ্ছেদ করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন বলেন, ‘দোকানগুলো বৈধ না অবৈধ তা সিটি করপোরেশন কর্তৃপক্ষই বলতে পারবে। তারা আমাদের কাছে সহায়তা চেয়েছেন, আমরা তা দিয়েছি।’
দুপুরে নিজের উচ্ছেদ হওয়া দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সবুজ মিয়াকে। তিনি বলেন, ‘অভিযানের সময় পুলিশের সদস্যরা বলতে ছিলেন- ‘পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়) প্রধানমন্ত্রী আসবেন। দ্রুত দোকান তুলে ফেল।’
সবুজ বলেন, ‘মাত্র ১০ মিনিট আগে মাইকে দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়। অভিযানের অন্তত একদিন আগে নোটিশ দেওয়া উচিৎ ছিল। আগে কিছু না জানানোর ফলে এখন দোকানের মালগুলো (ফুল) নষ্ট হয়ে যাবে। অনেক টাকার ক্ষতি হবে আমাদের।’
জেআই





