সুনামগঞ্জ পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে আজ শুক্রবার সকালে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার আল হেলাল হোটেলে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কক্ষ ভাড়া নেন এক নারী ও এক পুরুষ। হোটেলের খাতায় ওই নারীর নাম চুমকি আক্তার (২৩) ও তাঁর স্বামীর নাম মহিন ইসলাম লেখা। ঠিকানা দেওয়া আছে সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া।

আজ সকাল সাতটার দিকে ওই কক্ষে তালা দিয়ে মহিন বের হয়ে যান। বেলা ১১টা পর্যন্ত কক্ষের দরজায় তালা ঝুলতে দেখে হোটেল থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় চুমকির লাশ পড়ে থাকতে দেখে। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল।

সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহিন পলাতক আছেন।

এমআর