ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় সন্দেহভাজন হিসাবে সিলেটের স্থানীয় একটি পত্রিকার এক আলোকচিত্রীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার ভোরের দিকে সিলেট শহরতালীর সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইদ্রিস আলী (৩০) সবুজ সিলেট পত্রিকার আলোকচিত্রী।

ইদ্রিসকে সাত দিনের রিমান্ডে নিয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ সুপার(অর্গানাইজড ক্রাইম) মির্জা আব্দুল্লাহেল বাকি।

অবশ্য ইদ্রিসের পরিবারের দাবি, বাসা থেকে নয়, রোববার রাতে সিলেট শহর থেকে ইদ্রিসকে গ্রেফতার করা হয়। পরে রাতে তার বাসায় সিআইডি সদস্যরা তল্লাশিও চালায়।

উল্লেখ্য, কর্মস্থলে যাওয়ার পথে সিলেটে জনাকীর্ণ সড়কে অনন্ত বিজয় দাস খুন হন। মুখোশধারী চার হামলাকারী তাকে ধাওয়া করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

অনন্ত মুক্তমনা নামের একটি ব্লগে লেখালেখি করতেন। ২০০২ সালে অভিজিৎ রায় মুক্তমনা ব্লগটি প্রতিষ্ঠা করেন। এই ব্লগে অনন্ত বিজ্ঞান ও বিবর্তন এবং ইসলামকে সমালোচনা করে লেখা পোস্ট করতেন।

কেএইচ