করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু না হলেও এ সময় ১৭৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ৩২৯ জন।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে এবং ১৭৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৩২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন।

এবিএস