ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাড়ি ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় চুরি হওয়া পিকআপ ভ্যানসহ একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে বিশ্বরোড মোড় থেকে তাদের আটক করা হয়।
গাড়ি ছিনতাই চক্রের তিন সদস্য হলেন- আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে আলমগীর (৩৪), সরাইল উপজেলা সদরের পাঠানপাড়ার হানিফ পাঠানের ছেলে মো. শাহীন পাঠান (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার আবুল কাশেমের ছেলে রহমত আলী (২৮)।
সরাইলের খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, রোববার দিনগত রাত আড়াইটার দিকে সরাইলের বেড়তলা এলাকায় অস্ত্রের মুখে জসীম উদ্দিন নামে এক চালককে জিম্মি করে তার পিকআপ ভ্যানসহ ২টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। পরে চালক জসীম বিষয়টি তাৎক্ষণিক গাড়ির মালিক বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকার আকতার হোসেনকে জানালে গাড়ির মালিক বিষয়টি হাইওয়ে পুলিশকে অবহিত করেন।
চুরি হওয়া পিকআপটিতে অবস্থান সনাক্তকরণ রাউটার থাকায় এর মাধ্যমে গাড়িটি ট্র্যাকিং করে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পরে সরাইল বিশ্বরোড মোড়ে অন্য একটি প্রাইভেটকারে বসে মাদক সেবনের সময় ওই তিন চোরকে আটক করা হয়।
সার্জেন্ট জাহাঙ্গীর আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন গাড়ি ছিনতাই সিন্ডিকেটের সদস্য বলে স্বীকার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরাইল থানায় গাড়ি ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে। তাদের সোমবার বিকালের মধ্যে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
কেএইচ





