ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এরশাদ আলী (৬০) নামে একজন মারা গেছেন। এতে আহত হন আরও চারজন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কারযাত্রী এরশাদ আলী মারা যান।

এ ঘটনায় আহত অপর চার প্রাইভেটকার যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত এরশাদ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রয়াত সামাদ আলী ভূইয়ার ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও প্রাইভেটকার আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

এসএইচ