ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার ৩০ জনকে বুধবার আদালতে হাজির করা হয়েছে।

ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে দুপুরে আসামিদের হাজির করা হয়। হাজিরা শেষে আদালত জামিন নামঞ্জুর করে পুনরায় তাদের জেলহাজতে পাঠিয়ে দিয়েছেন। ১৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ৩০ আসামির হাজিরার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার অপর আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে হাজির করা যায়নি।

২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ ৫৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

প্রসঙ্গত, ২০ মে সকাল ১১টায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে ফেনী শহরের একাডেমী এলাকার বিলাসী সিনেমা হলের সামনে দুর্বৃত্তরা গুলি ও আগুনে পুড়িয়ে হত্যা করে।

কেএইচ