খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় নারী ও শিশুসহ অনুপ্রবেশকারী ২৪ রোহিঙ্গাকে শরণার্থী ক্যাম্পে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মানিকছড়ি উপজেলার পাঞ্জারাম পাড়া ও জিয়া নগর গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ পাহারায় কক্সাবাজারের শরণার্থী ক্যাম্পে প্রেরণ করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, সম্প্রতি সময়ের মায়ানমারের আরাকান রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। খাগড়াছড়ির মানিকছড়িতে আগে থেকে বসবাসকারী রোহিঙ্গা জাবেদ হোসেনের সাথে যোগাযোগ করে তার বাড়ি ও পাশের আরেক বাড়িতে আশ্রয় নেয়। আটক হওয়া রোহিঙ্গারা জাবেদ হোসেনের আত্মীয়।
ঘটনার সত্যতা স্বীকার করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঞ্জারাম পাড়া ও জিয়ানগর গুচ্ছগ্রাম থেকে ২৪ জন রোহিঙ্গাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ পাহারায় কক্সবাজের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
বকর/এবি সিদ্দিক





