মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সোমবার দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় এক জেলেকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা।

বেলা ১২টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটক জেলের নাম জালাল উদ্দিন।

কোস্ট গার্ডের নারায়ণগঞ্জের পাগলা ক্যাম্পের কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টার দিকে গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড সদস্যদের ২টি টিম অভিযান চালায়।

এসময় কোস্ট গার্ডের একটি টিম জালাল উদ্দিন নামে এক জেলেকে আটক করে তার কাছ থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়।

কোস্ট গার্ড সদস্যদের অপর আরেকটি টিম জব্দ করে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল। গজারিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সালমা আক্তার অভিযানের সময় উপস্থিত ছিলেন।

জেআই