সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ একই সময় পৃথক কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশসহ যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি।

শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, আজ বেলা দুইটায় মধ্যনগর বাজার শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর থানা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন করার ঘোষণা দেয়। একই সময়ে মধ্যনগর থানা যুবলীগ শহীদ মিনার প্রাঙ্গণে কর্মীসভার আহ্বান করে। এ কারণে যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে শহীদ মিনার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারার আওতাধীন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে মাইকিং চলছে।

কেএইচ