টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পতিত জমিতে ফেলে রাখা মফিজুর রহমান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার কান্দুলিয়া গ্রামের একটি পতিত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মফিজুর ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মফিজুর পাশের মনিদহ গ্রামের জনৈক আলমগীরের বাড়িতে থেকে তার মেশিনের চালক হিসাবে কাজ করতেন।
রোববার সকালে কান্দুলিয়া গ্রামের একটি পতিত জমিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মফিজুরের মৃত্যু রহস্যজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মফিজুরের তালাকপ্রাপ্ত স্ত্রী ছাহেরাকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
ওএফ





