কুমিল্লায় ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ২০ দল। কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে ২০ দল এ হরতালের ঘোষণা দেয়। সূত্র জানায়, বুধবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার এ হরতাল চলবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় রোববার রাতে হুকুমের আসামি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে পুলিশ।
উল্লেখ্য-গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ স্থানীয় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীর নামে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা করেন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার।
রোববার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় একদল যুবক অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করে। এ সময় তারা চট্টগ্রামগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে।
এমকে





